NABO NEWS24
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত

লেখক: নব নিউজ ডেক্স

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল প্রায় ১১টার দিকে হোটেল ফোর সিজনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে থাকা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তেই বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। ঘটনাস্থল থেকেই এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক কিলোমিটারজুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ মর্মান্তিক দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সচেতন মহলের মতে, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণেই বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। তাই দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/05/10/newsid-3942/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ