পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের সাক্ষী হলো বিশ্ব। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস তাকে পদের গোপনীয়তা ও শপথবাক্য পাঠ করান। রবীন্দ্রজয়ন্তীর এই বিশেষ দিনে শপথগ্রহণ অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। এছাড়া এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক সময়ের প্রভাবশালী কমিউনিস্ট শাসন এবং পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র আধিপত্যের পর বিজেপির এই জয়কে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর এই যাত্রাপথ ছিল বেশ নাটকীয়। এক সময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার অন্যতম প্রধান সহযোগী বা ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে সময়ের পরিক্রমায় নন্দীগ্রাম আন্দোলনের এই নায়ক বর্তমানে বিজেপির কান্ডারি হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর আসনে বসলেন।
গেরুয়া রঙের সাধারণ কুর্তা পরে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তার সরকার ‘ডাবল ইঞ্জিন’ শাসনের মাধ্যমে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। বিশেষ করে নারী নিরাপত্তা, শিল্পায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/05/09/newsid-3930/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:২০ পূর্বাহ্ণ