গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা (পূর্বপাড়া) গ্রামে একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩২), শ্যালক রসুল (২২) এবং তিন মেয়ে মিম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)। ঘটনার পর থেকেই পরিবারের কর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোরকান মিয়াই স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করেছেন।
নিহত শারমিনের ভাগনে সাকিব জানান, শুক্রবার সন্ধ্যায় চাকরির কথা বলে রসুলকে বাড়িতে ডেকে আনেন ফোরকান। রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তাদের গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
সাকিব আরও জানান, ফোরকান পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘরের মেঝেতে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পলাতক ফোরকানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/05/09/newsid-3927/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ