নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, গরুচুরি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে কেন্দুয়া থানা চত্বরে ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন।” বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অভিভাবক ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনলাইন জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে যারা জুয়া খেলছে, তাদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: এমপি হিলালী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “মাদক, জুয়া ও চুরির সাথে জড়িত কেউ রেহাই পাবে না, এমনকি সে যদি আমার দলের নেতা-কর্মীও হয়। অপরাধীর কোনো পরিচয় নেই; আমরা একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”
উপস্থিত ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি ও কেন্দুয়া সার্কেল) সাহিদুর রহমান। এছাড়াও সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু এবং উপজেলা জামায়াতের আমির মো. ছাদেকুর রহমান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যমত পোষণ করেন যে, নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত ভূমিকা এখন সময়ের দাবি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/05/08/newsid-3922/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:২০ পূর্বাহ্ণ