NABO NEWS24
প্রকাশিত: ০২ মে, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ

রোমানিয়ায় অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ: বিশেষ অধ্যাদেশ জারি

লেখক: মোঃ তরিকুল ইসলাম

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় নানা কারণে অবৈধ হয়ে পড়া বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত ২৩ এপ্রিল জারি করা জরুরি অধ্যাদেশ নং-৩২-এর মাধ্যমে শর্তসাপেক্ষে বৈধ হওয়ার এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। গত ২৭ এপ্রিল দেশটির অফিসিয়াল গেজেটে অধ্যাদেশটি প্রকাশিত হয়।

রোমানিয়া সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের মতে, এই উদ্যোগের ফলে সেখানে অনিয়মিত অবস্থায় থাকা বহু বাংলাদেশি কর্মী পুনরায় আইনগত মর্যাদা ফিরে পাবেন।

যারা এই সুযোগ পাবেন

এই সুবিধা মূলত তাদের জন্য, যারা বৈধ ভিসা নিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন কিন্তু পরবর্তীতে পরিস্থিতির শিকার হয়ে অবৈধ হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছেন:

  • ওয়ার্ক ভিসা নিয়ে প্রবেশের পর নিয়োগকর্তা চাকরি দিতে অস্বীকার করায় যারা ৯০ দিনের মধ্যে নতুন কাজ খুঁজে পাননি।

  • নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কাটলেও তা সরকারি কোষাগারে জমা না দেওয়ায় যাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

  • প্রতিষ্ঠানের অবহেলায় যাদের টিআরসি (TRC) আবেদন সময়মতো সম্পন্ন হয়নি।

আবেদনের শর্ত ও প্রক্রিয়া

নতুন নিয়ম অনুযায়ী, যারা ইতোমধ্যে অবৈধ হয়ে গেছেন, তাদের অধ্যাদেশ কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বৈধ হওয়ার জন্য কর্মীদের প্রধান শর্ত হলো: ১. একজন নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে বের করা। ২. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন ‘ওয়ার্ক পারমিট’ সংগ্রহ করা। ৩. পরবর্তীতে টিআরসি (TRC) কার্ডের জন্য আবেদন করা।

গুরুত্বপূর্ণ সময়সীমা ও সীমাবদ্ধতা

এই বিশেষ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিম্নোক্ত ব্যক্তিরা এই সুবিধার আওতায় পড়বেন না:

  • যারা অবৈধভাবে (বর্ডার ক্রস করে) রোমানিয়ায় প্রবেশ করেছেন।

  • যাদের নামে ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশ ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে।

দূতাবাসের পরামর্শ

নতুন এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৈধ হওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে কেবল রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/02/newsid-3891/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ণ