মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-জেনারেটেড ছবি শেয়ার করে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছেন। একই সঙ্গে তিনি পোপ চতুর্দশ লিওকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আক্রমণ করায় সমালোচনা আরও তীব্র হয়েছে।
রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে সাদা পোশাকে একজন অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে ‘সুস্থ’ করার দৃশ্যের একটি এআই ছবি পোস্ট করেন। ছবিটি ধর্মীয় চিত্রকলার মতো দেখতে হওয়ায় অনেকে এটিকে ট্রাম্পের নিজেকে যিশু হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা বলে মনে করেন। পরদিন সোমবার ছবিটি মুছে ফেলা হয়।
ছবি পোস্টের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প পোপ লিও চতুর্দশকে ‘অপরাধ বিষয়ে দুর্বল’ ও ‘বৈদেশিক নীতিতে ভয়াবহ’ বলে আক্রমণ করেন। পোপ ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করায় এই আক্রমণ করা হয় বলে মনে করা হচ্ছে। তীব্র প্রতিক্রিয়া এ ঘটনায় ধর্মপ্রাণ খ্রিস্টানসহ বিভিন্ন মহল থেকে ট্রাম্পের সমালোচনা ঝড় ওঠে। সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেছেন, “ট্রাম্প এখন যুদ্ধবিরোধী বক্তব্যের জন্য পোপকে আক্রমণ করছেন এবং নিজেকে মসিহা হিসেবে তুলে ধরছেন। এটি শুধু আপত্তিকর নয়, এটি বিকারগ্রস্ত ও অহংকারী আচরণ।”
ফক্স নিউজের উপস্থাপক রাইলি গেইন্স বলেন, “তিনি কি সত্যিই এটা বিশ্বাস করেন? একটু বিনয়ী হলে এমন বিপদে পড়তে হতো না। ঈশ্বর নিয়ে ঠাট্টা করা উচিত নয়।” ডেইলি ওয়্যারের কলামিস্ট মেগান বাশাম এই পোস্টকে ‘চরম ব্লাসফেমি’ (ধর্মদ্রোহিতা) বলে আখ্যায়িত করেন।
সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ছবিটি তার কাছে ‘একজন ডাক্তারের’ মতো মনে হয়েছে। তিনি দাবি করেন, এটি রেড ক্রসের কাজের সঙ্গে সম্পর্কিত ছিল এবং “আমি মানুষকে ভালো করি, অনেক ভালো করি।”
এমন বিতর্কিত পোস্ট এবারই প্রথম নয়। গত বছর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ট্রাম্প নিজেকে পোপ হিসেবে দেখানো একটি ছবি শেয়ার করে তখনও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প খ্রিস্টান ভোটারদের বিশেষ করে ক্যাথলিকদের উল্লেখযোগ্য সমর্থন পেয়েছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/04/14/newsid-3776/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ