জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করে।
রায়ে দুই পুলিশ সদস্য—আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড, প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়।
তবে এই রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের পরিবার। নিহতের বাবা বলেন, “যাদের নির্দেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, তারা রয়ে গেল শাস্তির বাইরে। এই ঘটনায় জড়িত বড় অপরাধীদের কোনো শাস্তি হয়নি। আমি কঠোর বিচার চাই।”
পরিবারের অভিযোগ, মূল পরিকল্পনাকারীদের আড়াল করে শুধুমাত্র দুই পুলিশ সদস্য ও এক এএসআইয়ের ওপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে, এভাবে রায় দিয়ে সরকার ও আদালত দায় এড়ানোর চেষ্টা করেছে।
পরিবার আরও জানিয়েছে, রাষ্ট্রীয় সহায়তা পেলে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/04/09/newsid-3722/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ