জুলাই জাতীয় সনদ অনুসারে রাষ্ট্র সংস্কারের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
কর্মসূচি অনুসারে, আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হবে। ৯ এপ্রিল রাজধানীর শাহবাগে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া ১১ এপ্রিল সব মহানগরে এবং ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ দিন ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।
এর আগে সকাল ১০টা থেকে একই স্থানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও দেশের জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন ১১ দলের শীর্ষ নেতারা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/04/07/newsid-3668/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ