ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এবং সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি তোলার অভিযোগে ইসরাইল চারজন নিজস্ব সেনাসদস্যকে গ্রেফতার করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে।
ইসরাইলি টিভি চ্যানেল ১৫- এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃত চার সেনা নিয়মিত যুদ্ধ ইউনিটে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়েও ইরানের পক্ষে দলবদ্ধভাবে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ এটিকে ‘নতুন ও উদ্বেগজনক গুপ্তচরবৃত্তির ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে এখনও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। চারজনেরই আটকাদেশ বাড়ানো হয়েছে। অভিযোগ অনুসারে, ইরানের গোয়েন্দা সংস্থা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল, যার মধ্যে স্পর্শকাতর স্থাপনাগুলোর ছবি তোলাও অন্তর্ভুক্ত ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, এই ঘটনা ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অনুপ্রবেশের প্রচেষ্টা ক্রমশ বাড়ছে বলে ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তির হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/04/07/newsid-3665/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ