জুলাই সনদ কার্যকর এবং সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কারের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজপথে নামছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জোটটি।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।
তিনি বলেন, “সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনস্বার্থ রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।” জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে — সরকার যদি গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের বৈঠকে দীর্ঘমেয়াদী কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
এদিকে, বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সরকারের ভূমিকার প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপরই আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। পরবর্তীতে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসায় অনুষ্ঠিত বৈঠকে ১১ দলীয় জোট এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/04/04/newsid-3592/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ