NABO NEWS24
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ

অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এমবাপ্পে

লেখক: নব নিউজ ডেক্স

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের কথা খুলে বলেছেন। ইউরো ২০২০-এ ব্যর্থতার পর ভয়াবহ বর্ণবাদী নির্যাতনের শিকার হয়ে তিনি ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন বলে স্বীকার করেছেন।

২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব ১৬-তে সুইজারল্যান্ডের বিপক্ষে ফ্রান্স হেরে যায়। সেই ম্যাচে নির্ধারক পেনাল্টি মিস করেন এমবাপ্পে। এরপরই তিনি জঘন্য বর্ণবাদী আক্রমণের শিকার হন।

‘দ্য ব্রিজ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, “আমাকে বানর বলে ডাকা শুরু হয়। জাতীয় দল আমার কাছে সবকিছু ছিল। কিন্তু গোল না করলে মানুষ একেবারে তলায় নামিয়ে দেয়। এটা আমার সঙ্গে জাতীয় দলের সম্পর্ক পুরোপুরি বদলে দিয়েছিল। সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয়, কারণ তারা ঝুড়িটা তুলে সরাসরি ছুড়ে মারে। পুরো ব্যাপারটা আমার জন্য খুব কষ্টের ছিল। আমি ছুটিতে গিয়েছিলাম, কিন্তু আমি তখন একটা জীবন্ত লাশের মতো ছিলাম। অনেক উঁচু থেকে পড়ে গিয়েছিলাম। জাতীয় দলের হয়ে খুব দ্রুত জাতীয় বীর হয়ে উঠেছিলাম।”

২০১৮ বিশ্বকাপের নায়ক থেকে হঠাৎ বর্ণবাদী গালির শিকার হওয়া — মাত্র ২২ বছর বয়সী এমবাপ্পেকে এই ধাক্কা জাতীয় দল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তৎকালীন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েতের সঙ্গে সেই উত্তেজনাপূর্ণ বৈঠকের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি লে গ্রায়েতের সঙ্গে দেখা করে বললাম, আমি আর খেলব না। আমি ভেবেছিলাম, আমি এমন মানুষদের জন্য খেলছি যারা গোল না করলে আমাকে বানর মনে করে। আমি বললাম, আমি প্যারিসে ফিরে যাচ্ছি, ওখানে আমার কোনো সমস্যা নেই।” তবে লে গ্রায়েত তাকে যেতে দিতে রাজি হননি।

এমবাপ্পে জানান, তখন তাকে বলা হয়েছিল, “তুমি মনে করছ এভাবেই অফিস ছেড়ে চলে যাবে? ভুলে যাও।” এই কড়া জবাবই এমবাপ্পেকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করে। সেই অন্ধকার সময় পেরিয়ে এমবাপ্পে ঘুরে দাঁড়ান। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার পেছনে তিনি মূল ভূমিকা রাখেন এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক হ্যাটট্রিক করেন। যদিও শেষ পর্যন্ত ফ্রান্স হেরে যায়। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরুর রেকর্ড ছোঁয়ার জন্য তার আর মাত্র একটি গোল দরকার।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/04/03/newsid-3589/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ