ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার (১ এপ্রিল) তাদের এই ফোনালাপের বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওস’ এক প্রতিবেদনে প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’ সম্পর্কে অবহিত করেছেন। এ বিষয়ে হোয়াইট হাউজের বক্তব্য জানতে চাইলে বার্তাসংস্থা আনাদোলু কোনো মন্তব্য পায়নি।
আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং কয়েকটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অন্যতম। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, মার্কিনিদের সঙ্গে তাদের যোগাযোগ শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে হয়েছে এবং তা এখন পর্যন্ত ছোট ছোট বার্তা আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে, ইরান সেগুলোকে ‘বাড়াবাড়ি এবং অবাস্তব’ বলে অভিহিত করেছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/04/02/newsid-3555/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ