আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫৪টি জেলায় একযোগে চালু হওয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে।
সরকারি পরিকল্পনা অনুসারে, প্রথম ধাপে আগামী ছয় মাসের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা, খাল-বিল খনন ও পুনঃখনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-জলাশয় খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ পানি ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দেশের বাকি ৫৩টি স্থানে একযোগে কর্মসূচির সূচনা করবেন।উদ্বোধন শেষে তিনি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করবেন। এরপর সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নানা-নানি ও অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরে বিকেল ৫টায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে যোগ দেবেন এবং ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
দিনাজপুরের সব কর্মসূচি শেষ করে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।এই খাল খনন কর্মসূচি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি খাতে নতুন গতি আনার প্রত্যাশা জাগিয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/03/16/newsid-3504/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ