দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তাঁরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক এলাকায় অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত যেতে পারে না। বর্ষাকালে মানুষ ঘর থেকে বের হতে পারেন না। চরাঞ্চলে রাস্তার অভাবে কৃষিপণ্যের দাম কমে যায় এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। শীতকালে ধুলোবালিতে দুর্ভোগ বাড়ে।
তিনি জানান, তাঁর নির্বাচনি এলাকা রংপুর-৪-এর দুই উপজেলায় মোট ১৩৭৭ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৪৮৯ কিলোমিটার পাকা হয়েছে। এখনো ৮৮৮ কিলোমিটার পাকা করা বাকি। জরিপের বাইরেও আরও হাজার কিলোমিটারের বেশি রাস্তা রয়েছে।
সংসদ সদস্য প্রশ্ন রাখেন, সরকার কি মেগা প্রকল্পের পাশাপাশি গ্রামীণ রাস্তা পাকাকরণের জন্য বিশেষ মেগা প্রকল্প গ্রহণ করবে, যাতে মানুষ অন্তত অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে এবং সহজে যাতায়াত করতে পারে?
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মেগা প্রকল্পের নামে ভয়াবহ দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক উপদেষ্টা নিজ নিজ এলাকায় পক্ষপাতমূলকভাবে তহবিল বরাদ্দ করেছেন। তিনি উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করে বলেন, অতীতে বিভিন্ন সরকারের আমলে উত্তরাঞ্চল বারবার উন্নয়ন থেকে অবহেলিত হয়েছে।
মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সেই বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর বিশেষ জোর দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি সুফল পান।” তিনি জানান, দুর্নীতিকে কোনো প্রশ্রয় না দিয়ে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/03/29/newsid-3469/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ