NABO NEWS24
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ

পুলিশ জনগণের বন্ধু হবে, লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: নব নিউজ ডেক্স

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু।

তিনি বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা স্পষ্ট ঘোষণা করেছি যে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় পরিণত করা হবে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।” শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পুলিশের পোশাকে সদস্যরা সন্তুষ্ট নন। তাই পুলিশের পোশাকে আবার পরিবর্তন আসছে। তিনি বলেন, “ঐতিহ্যবাহী ও মানানসই পোশাকে পুলিশ ফিরে যাবে। বর্তমান পোশাকে অধিকাংশ পুলিশ সদস্য অস্বস্তিবোধ করেন। আমরা শিগগিরই বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেব।”

জনবান্ধব পুলিশ গড়ে তোলার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু।” তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে পুলিশের মনোবল পুনরুদ্ধার, জনবল বৃদ্ধি এবং একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ শুরু করেছে। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা, নিয়োগ-বদলি-পদায়নে মেধা, যোগ্যতা, সততা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া এবং ব্রিটিশ আমলের পুলিশ আইন সংস্কার করে সময়োপযোগী আইন প্রণয়ন করাই এ কমিশনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, উপাধ্যক্ষ ডিআইজি বাসুদেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ব্যাচে ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ সমাপ্ত করেছেন, যাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ এএসপি আহমেদ সাদমান সাকিব। বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন মো. ফাহিম ফয়সাল। এছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড পান মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড পান শাওন রেজা এবং বেস্ট শ্যুটার অ্যাওয়ার্ড অর্জন করেন বাপী কুমার দাশ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/28/newsid-3428/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ