মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ওদের (ইরান) এটা খুলে দিতে হবে। ওদের ট্রাম্প প্রণালি খুলে দিতে হবে। মানে হরমুজ।” কথাটি বলার পরপরই তিনি মজা করে বলেন, “মাফ করবেন, আমি দুঃখিত। কী ভয়ানক ভুল।” এরপর আবারও বলেন, “ভুয়া খবরে বলা হবে যে, ট্রাম্প ভুল করে বলেছেন। না, আমার ভুল হয়নি। খুব একটা নয়।”
ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তার মতে, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে বলেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
হামলা স্থগিত রাখার কথা বললেও, ট্রাম্প শুক্রবারের অনুষ্ঠানে বলেছেন, ইরানে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের তালিকায় এখনও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু রয়েছে। খুব শিগগিরই সেগুলোতে হামলা চালানো হবে।
তিনি আরও বলেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর তা নয়।
সূত্র: সিএনএন
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/03/28/newsid-3415/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ