সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন যাতে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখা হয় এবং দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েন করা হয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনালাপ করেছেন সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে উৎসাহিত করেছেন। সৌদি যুবরাজের মতে, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে পুরো অঞ্চল দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও, পর্দার আড়ালে সালমানের অবস্থান অনেক কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া এই সৌদি নেতা চান, মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করে দিক।
নিউইয়র্ক টাইমসের সূত্রমতে, ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/03/24/newsid-3335/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ