জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে দলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে তা বাতিলের আন্দোলনে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, দেশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি অবশ্যই সংবিধান থেকে শুরু করতে হবে। বর্তমান সংবিধানকে তিনি ‘ভারতীয় সংবিধান’ এবং ‘শেখ মুজিবের সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে একে ‘ফ্যাসিবাদী’ বলে সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা ফ্যাসিবাদী সংবিধান চাই না, আমরা বাংলাদেশের সংবিধান চাই।” সংবিধানের মৌলিক স্ট্রাকচারে উন্নয়ন বা পরিবর্তন না করলে এটি ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে বলে হুঁশিয়ার করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এই সংবিধানের কারণে অসংখ্য ভাই শহীদ হয়েছেন, গত ১৭ বছরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঘরছাড়া হয়েছেন—এটি কাউকে রক্ষা করতে পারেনি। সংবিধান পরিবর্তন করা গেলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী আর কেউ উঠতে পারবে না। তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন। বলেন, এখন সর্বত্র কোটার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে একজন ঋণ খেলাপিকে নিয়োগ দেওয়া হয়েছে—‘ভক্ষককে রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে’। শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করেছিলেন, কিন্তু এখন ‘ভক্ষক বাহিনী’ তৈরি হচ্ছে, যারা নদী-খালও ভক্ষণ করে।
চাঁদপুরের প্রসঙ্গে তিনি বলেন, এখান থেকে অনেক মন্ত্রী হয়েছেন, কিন্তু উন্নয়ন হয়নি। অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে হবে, না হলে অসহায় মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হতেই থাকবে। আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করার দাবি জানান তিনি। চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো অপচেষ্টা বা কচুয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র হলে চাঁদপুরবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে বলে হুঁশিয়ার করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান, ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/03/19/newsid-3284/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ