ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রমে আজ শিক্ষাক্ষেত্রের নানা সংস্কার ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া এদিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পদ্ধতি ও দেশের চলমান বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে প্রশ্ন উত্থাপন করেন।
ভর্তি পদ্ধতি নিয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তরে লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় পরীক্ষা বা মেধাভিত্তিক যাচাই পদ্ধতি ফিরবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৭ সালে নেওয়া হবে। মন্ত্রী বলেন, শহরাঞ্চলে ভর্তির তীব্র প্রতিযোগিতা সামলাতে পূর্ববর্তী সরকার লটারি পদ্ধতি চালু করেছিল। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকায়, সরকার অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও সেমিনারের মাধ্যমে জনমত যাচাই করবে এবং আগামী বছরের শুরুতে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে।
এছাড়া, দেশে চলমান তিনটি পৃথক শিক্ষা ব্যবস্থা—ইংরেজি মাধ্যম, প্রচলিত শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যকার অর্থনৈতিক বৈষম্য নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী স্বীকার করেন যে, এই বিভাজন নিরসন একটি জটিল প্রক্রিয়া। তবে সরকার একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান। শিক্ষামন্ত্রী জানান, ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে জাতীয় নিয়মনীতির আওতায় আনা এবং কওমি ও ইবতেদায়ি শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সাথে সমন্বিত করার জন্য ইতিমধ্যে সরকারি পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেন এবং প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচন করা হয়। প্রথম দিনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শোকপ্রস্তাব ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথা অনুযায়ী সংসদে ভাষণ দেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/03/15/newsid-3173/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ