দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ে করার পর সংসার ও সন্তানের স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁর কাছে জীবনে সন্তানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এই নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাশমিকা এমন আভাস দিয়েছেন। তিনি বলেছেন, এক নয়, একাধিক সন্তানের মা হতে চান তিনি। মাতৃত্ব নিয়ে রাশমিকা জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত করে সন্তান। তাই মা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা ও সুরক্ষাই তাঁর কাছে সবচেয়ে প্রধান ও প্রথম অগ্রাধিকার পাবে।
তবে এতে কি ক্যারিয়ার থেকে নিজেকে গুটিয়ে নেবেন নায়িকা? এমন প্রশ্নের জবাবে রাশমিকা একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, সবার আগে সন্তান। অনাগত সন্তানের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। প্রয়োজনে চলচ্চিত্র জগতকেও ছাড়তে পারেন। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ উদয়পুরে দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। সকাল ১০টায় তেলুগু রীতিতে মূল বিবাহ অনুষ্ঠান শুরু হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল। একই দিন বিকেল ৪টায় কর্ণাটকের কোডাভা রীতিতে বিশেষ পোশাক, অলংকার ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধু-বান্ধবদের জন্য আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক ও শিল্পী মহলের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি কঠোরভাবে আমন্ত্রণপত্র-ভিত্তিক এবং নিরাপত্তার কারণে শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2026/03/02/newsid-3017/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ