সীমান্তে আফগান বাহিনীর হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ বা ‘open war’-এর ঘোষণা দিয়েছেন।
আল জাজিরার কাবুল প্রতিনিধি নাসের শাদিদ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে প্রথম বিমান হামলা শুরু হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় আরও বোমা হামলা চালানো হয়। প্রথম হামলার পরপরই আফগান বিমানবিধ্বংসী কামান থেকে গুলি চালানো শুরু হয় এবং দ্বিতীয় দফার পরও তা অব্যাহত ছিল। আফগান সরকারের একটি সূত্র আল জাজিরাকে কাবুলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানি যুদ্ধবিমান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি কড়া বার্তায় লিখেছেন, “পাকিস্তান সরাসরি এবং বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছে। আমরা পূর্ণাঙ্গ কূটনৈতিক তৎপরতাও চালিয়েছি। কিন্তু আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। এখন তোমাদের ও আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে।”এই ঘোষণা আসে আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনা হতাহতের পর এবং পাকিস্তানের সিরিজ বিমান হামলার প্রেক্ষাপটে।
উল্লেখ্য, গত অক্টোবরে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু তারপরও বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল। এই সাম্প্রতিক উত্তেজনা দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ (টিটিপি মিলিট্যান্টদের আশ্রয় দেওয়া) এবং পাল্টা অভিযোগের ফল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/02/27/newsid-2972/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ