স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর। পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর নৃশংসতম হত্যাযজ্ঞগুলোর একটি। এর পেছনের মূল উদ্দেশ্য জানার জন্য তৎকালীন সরকার তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যথোপযুক্ত ব্যক্তিদের নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যার প্রতিবেদন আমাদের সামনে এসেছে। কিন্তু সে সরকার ওই প্রতিবেদন বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেয়নি।”
তিনি আরও বলেন, কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো এসেছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিচারাধীন মামলাগুলোর জুডিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।
শহীদ পরিবারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা ছিল। এ কাজ যারা করতে পারে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।”
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ হন। অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বর্তমান সরকার বিচার প্রক্রিয়া এগিয়ে নেবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/25/newsid-2921/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ