জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন গণ-অধিকার পরিষদের নেত্রী মেঘনা আলম।রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ঢাকা-৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ফোনে কথা হয়েছে উল্লেখ করে মেঘনা আলম লেখেন, “একটু আগে পাটওয়ারী ভাই ফোন দিয়েছিলেন। শিগগিরই বাসায় আসবেন বললেন। ইলেকশনের আগে আসতে চেয়েছিলেন, কিন্তু মিডিয়া সবকিছুকে পজিটিভ থেকে নেগেটিভ করে ফেলতে পারে—এই ভয়ে আসেননি। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সব প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।”
তিনি আরও বলেন, পাটওয়ারী ভাই তার কাছে শিখতে চান জানিয়েছেন। এরপর তিনি এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেন। পাটওয়ারী ভাই অ্যারেঞ্জমেন্ট করার আশ্বাস দিয়েছেন। মেঘনা আলম লেখেন, যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা এবং যারা জন্ম থেকে রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন ও আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়েছেন—তাদের জ্ঞান একত্রিত হলে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, “আমার ছোট ভাই পাটওয়ারীর প্রতি অনেক স্নেহ। যদি ও জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে এগোতে দিয়ে নিজের প্রচার ও পোলিং এজেন্ট সরিয়ে নিত না। যে দল নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে আদর্শের পরিবর্তন হলে সেটা ভিন্ন বিষয়।”
শেষে তিনি লেখেন, “মেঘনা আলম বিভেদ ও শত্রুতার রাজনীতি চান না। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, দেশ বদলানোর প্রত্যয়ীদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুন, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সব রাজনীতিবিদকে আবদ্ধ রাখুন। আমিন।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/02/23/newsid-2887/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ