নির্বাচন কমিশন (ইসি) দেশের নাগরিকদের ১৬ বছর বয়স পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর আলোকে আবেদনের তারিখে যাদের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে গত ৯ সেপ্টেম্বর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৬ বছর বয়স পূর্ণ হলেই নাগরিকদের নিবন্ধন তথ্য সংগ্রহ করে এনআইডি দেওয়া হবে। ১৮ বছর বয়স পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
ইসি সচিব বলেন, “অনেক কাজে এনআইডি প্রয়োজন হয়—বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসা বা অন্যান্য ছোটখাটো কাজে। এনআইডি না থাকায় শিক্ষার্থীসহ অনেকে অসুবিধায় পড়েন। এজন্য ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এখন থেকে যার বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে, তিনি যেকোনো সময় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। ১৮ বছর হলে ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবেন।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এই নতুন সিদ্ধান্তে তরুণ প্রজন্মের জন্য নাগরিক সেবা আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/23/newsid-2873/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ