NABO NEWS24
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ণ

আমার কিছু হলে এর দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে : আখতার হোসেন

লেখক: নব নিউজ ডেক্স

রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নির্বাচনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা হারাগাছে সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে হারাগাছ পৌর বিএনপি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাসে আখতার হোসেন লিখেছেন, “আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) হারাগাছ পৌরসভার প্রায় সব কেন্দ্রে এনসিপির শাপলা কলি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রের সামনে ধানের শীষের লোকজনের ভিড় থাকলেও শাপলা কলির লোকদের দূরে রাখা হয়েছে। চর চাতুরী, হারাগাছ মডেল কলেজ, মোল্লাটারীসহ বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের মারধর, টেবিল ভাঙচুর, লাঠি দেখানো ও অশ্রাব্য গালাগালির ঘটনা ঘটেছে। প্রশাসন ও মিডিয়ায় অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি।

আখতার হোসেন আরও বলেন, হারাগাছ পৌরসভায় মোট ৫৫,৪৫১ ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার প্ল্যান ছিল অতিরিক্ত ভোট দেখিয়ে ফলাফল ঘুরিয়ে দেওয়া। কিন্তু তিনি ও তার সহযোগীরা কাস্টিং ভোটের হিসাব নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় জালিয়াতি বন্ধ করা সম্ভব হয়েছে। হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে ভোট গণনার সময় ভরসার লোকজন গেট আটকে ইট-পাটকেল ছুড়ে হুমকি দিয়েছে; আর্মি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নির্বাচন-পরবর্তী ঘটনা নিয়ে তিনি অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পর থেকে ভরসার লোকজন এনসিপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও ভয়ভীতি দেখিয়েছে। অনেকে এখনো বাড়িতে ফিরতে পারেনি। তিনি বলেন, ভরসা নিজে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন, কিন্তু তার কর্মীরা লুটপাট চালায়—এতে অসহায় মা-বোনদের আর্তনাদ শোনা যায় কি না প্রশ্ন তোলেন।

সফরের উদ্দেশ্য জানিয়ে আখতার হোসেন বলেন, গত দেড় বছরে হারাগাছ পৌরসভার জন্য তিন দফায় সাড়ে ৬ কোটি টাকা বিশেষ বরাদ্দ এনেছেন। এখন সেই বরাদ্দের কাজ শুরু হবে। আজকের সফরে ভাঙচুর হওয়া বাড়িঘর দেখা, লুকিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানো এবং উন্নয়নের খাত নির্ধারণ (যেমন আধুনিক টয়লেট নির্মাণ) করাই লক্ষ্য।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে শাপলা কলি প্রতীকে আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে ভরসা রিটার্নিং কর্মকর্তার কাছে পুনর্গণনার দাবি জানান এবং নির্বাচন-পরবর্তী দিনগুলোতে বিক্ষোভ, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।

এদিকে আখতার হোসেনের অভিযোগের বিষয়ে এমদাদুল হক ভরসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়রা এই উত্তেজনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/22/newsid-2847/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ