NABO NEWS24
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ণ

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

লেখক: নব নিউজ ডেক্স

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ত্যাগ করেছেন। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়ে যান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিস্তারিত পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ফেব্রুয়ারির ৮, ৯ ও ১০ তারিখে আইসিটি বিভাগ, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) এবং বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। এরপর নির্বাচন সংক্রান্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং প্রযুক্তি-নির্ভর নির্বাচন আয়োজনে কিছু অবদান রেখেছেন। সহকর্মীদের কাছ থেকেও সুন্দরভাবে বিদায় নিয়েছেন।

১০ ফেব্রুয়ারি ছিল তার অফিসিয়াল শেষ কর্মদিবস। সেদিন সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ফেয়ারওয়েল ডিনার করেন এবং সহকর্মীরা গান গেয়ে বিদায় জানান। তিনি উল্লেখ করেন, কোনো আত্মমর্যাদাসম্পন্ন ও সৎ ব্যক্তিকে অসম্মানজনক কথা বলার আগে তথ্য যাচাই করে নেওয়া উচিত। এক সহকর্মী জিজ্ঞাসা করলে তিনি বলেন, দ্রুত চাকরি খুঁজতে হবে। দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে বড় ক্ষতি হয়েছে—সঞ্চয় সব শেষ হয়ে গেছে। ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিক্যাল ইমার্জেন্সি থাকায় ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন। দীর্ঘদিন সন্তান ও পরিবারকে সময় দিতে পারেননি, তাই কিছুটা সময় দিতে চান। আজ ভ্যালেন্টাইনস ডে-ও ছিল।

অনেক বই উপহার পেয়েছেন, সেগুলো সঙ্গে নিয়ে গেছেন। দীর্ঘ ক্লান্তির পর লম্বা বিশ্রাম দরকার। ঘুমের চক্র বিঘ্নিত হওয়ায় গত এক বছর নিয়মিত ঘুমাতে পারেননি। বিশ্রামের পাশাপাশি বই পড়বেন এবং পত্রিকার কলাম ও সহ-লেখকদের মৌলিক লেখা পড়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি আরও বলেন, অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছেন। একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছেন। পুরোনো আইন-নীতি পরিবর্তনে ৫ বছরের কাজ অল্প সময়ে করেছেন। বিশ্বাস না হলে পেশাদার গবেষণা সংস্থা বা অডিট ফার্ম দিয়ে যাচাই করা যেতে পারে।

আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ১ টাকাও দুর্নীতি করেননি। তিনি সৎ মানুষ। মোবাইল ব্যবসায়ী ও টেলিকম মাফিয়াদের কাছে মাথা নত করেননি বলে তারা কুৎসা রটিয়েছে।দ্রুত চাকরি খুঁজে স্বাভাবিক জীবনে ফিরবেন। স্ত্রী-সন্তানকে বঞ্চিত করে নিরাপদ জীবন ছেড়ে দেশে এসেছিলেন, কিন্তু কিছু মানুষ তাকে অপমান-অপদস্থ করেছে। মনে হয়েছে, এ দেশ উল্লেখযোগ্য সৎ ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের যোগ্য নয়।

তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, সাধারণ জীবনযাপন করেন এবং নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছেন। সবাইকে ভালো থাকার ও দোয়া করার অনুরোধ জানিয়ে পোস্ট শেষ করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/02/15/newsid-2743/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ