শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দলিল ও চাবি হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি প্রধান উপদেষ্টা নিজে হস্তান্তর করেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল এবং সবশেষ সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/02/10/newsid-2713/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ