NABO NEWS24
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ণ

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

লেখক: নব নিউজ ডেক্স

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ১২ বছরের শিশু হুজাইফা সুলতানা আফনান আর নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে (নিউরোসায়েন্স) চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী গণমাধ্যমকে জানান, সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। তিনি সবার কাছে ভাতিজির জন্য দোয়া চেয়েছেন।গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ (টেকচা ব্রিজ) এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে মাথায় আঘাত পান জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

দুই দিন পর ১৩ জানুয়ারি বিকেলে ঢাকায় স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। চট্টগ্রাম মেডিকেলের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানিয়েছিলেন, অস্ত্রোপচার করা হলেও মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ঝুঁকি ছিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি (এএ) ও জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। বিমান হামলা, ড্রোন, মর্টার শেল ও গোলাগুলির তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। টেকনাফের বিভিন্ন স্থানে গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে, ছোড়া গুলি এসে পড়ে বসতঘর, চিংড়ি ঘের ও নাফ নদীতে। হুজাইফার মৃত্যুতে সীমান্তবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী পৃথক বার্তায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়রা সীমান্তে নিরস্ত্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/02/07/newsid-2605/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ণ