NABO NEWS24
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবো : তারেক রহমান

লেখক: নব নিউজ ডেক্স

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় বিচার বিভাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকে জানেন। তিনি বলেন, “আমি, আমার মা, আমার পরিবার—আমরা সবাই এই বিচার বিভাগের নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি জানি, বিচার বিভাগ কীভাবে একজন মানুষের জীবন ও সংসার ধ্বংস করে দিতে পারে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার গঠনে সক্ষম হলে বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করে তোলা। তারেক রহমান ইশতেহারের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার অংশে স্থানীয় সরকারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমি আপনাদের অনুরোধ করব, রাষ্ট্রব্যবস্থা সংস্কারের শেষ ঘর—স্থানীয় সরকার—সেখানে একটু দৃষ্টি দিন। বিএনপি বিশ্বাস করে, স্থানীয় সরকারই গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র।” তিনি ইউরোপের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে বলেন, “আমি নিজেও দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকতে বাধ্য হয়েছি। সেখানে যা দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি—স্থানীয় সরকারকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় এবং ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তাহলে দেশের অনেক সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব হবে।”

তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করলে মানুষকে ছোটখাটো প্রয়োজনে ঢাকায় আসতে হবে না। তারা স্থানীয়ভাবেই সমস্যার সমাধান পাবে। এতে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতি কমবে, জীবনমান উন্নত হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। তিনি বলেন, “আমরা চাই স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থায়ন করা হোক এবং জনগণের ক্ষমতাকে ধীরে ধীরে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করা হোক। ২০ কোটি মানুষের দেশকে শুধু ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে উন্নয়ন করা সম্ভব নয়। আমাদের যে কোনো মূল্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, জবাবদিহিতা তৈরি করতে হবে এবং স্থানীয় সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে সমাধানের ব্যবস্থা করতে হবে।”

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/02/06/newsid-2597/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ