বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তিনি চুরি-চামারি করে বড় হননি, বরং গায়ে খেটে নিজ হাতে কাজ করে বড় হয়েছেন। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমার বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের বুকে সাহস থাকলে বায়তুল মোকাররমের সামনে আমার নামে শালিস বসান। কোনো অসুবিধা নেই, আমার বুকে সাহস আছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন তেমনই। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যা তাদের মুখে মানায় না। জনগণ জানে, চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, ছাই বের হয়। আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যাবে না। এর জন্য অনেক রাস্তা আছে। দান-খয়রাত করে ভালোভাবে কথা বলুন, কিন্তু গালিগালাজ করে, অসভ্য ভাষায় কথা বলে নিজের ভবিষ্যৎ জাহির করবেন না।
আমার অবস্থান সবসময় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এটা নতুন কিছু নয়। দেশ-বিদেশ থেকে আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, এদেশের মানুষ তা বিশ্বাস করবে না। সকাল-সন্ধ্যা জামায়াতে ইসলামীর একটা জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে নোংরা কথাবার্তা বলছে। জামায়াতের সর্বোচ্চ নেতারা আমাদের দেশের চাকরিজীবী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেছে। তাদের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে।
দয়া করে একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রটাবেন না। নিজে কী করেছেন বা কী করবেন, সেটা বলুন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেবেন। পোলিং এজেন্টরা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। রেজাল্ট শিট ছাড়া কাউকে বের হতে দেবেন না। ভোট অফিসে গিয়ে গণনা করা হবে বললে তা কোনোভাবেই মেনে নেবেন না। ভয় পাওয়ার কারণ নেই, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি।আবার শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। নব্য প্রার্থীদের কথাবার্তায় বুঝতে পারছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভা শেষে মির্জা আব্বাস গুলিস্তানের পাতাল মার্কেট ও স্টেডিয়াম মার্কেটে নির্বাচনি প্রচারণা করেন। বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/02/03/newsid-2521/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ