সংযুক্ত আরব আমিরাতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এই বিশেষ রজনী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত চলবে।
শবে বরাত উপলক্ষে আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়া-মোনাজাতে মগ্ন থাকবেন। এ রাতে তারা পাপমোচন, আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় বিশেষ ইবাদত-বন্দেগিতে লিপ্ত হবেন। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও মুসলিম উম্মাহ এই পবিত্র রাতটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করছেন।
প্রতি বছর আরবি শাবান মাসের ১৫ তারিখের দিবাগত রাতকে শবে বরাত হিসেবে পালন করা হয়। ‘শবে বরাত’ শব্দটি ফারসি থেকে এসেছে, যেখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা ক্ষমা। তাই এটিকে ‘মুক্তির রজনী’ বলা হয়। আরবিতে এর নাম ‘লাইলাতুল বারাকাত’ বা ‘লাইলাতুন নিসফ মিন শাবান’ (শাবানের মধ্য রাত)। হাদিসে এটিকে শাবান মাসের মধ্যবর্তী রাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
শবে বরাত মুসলিমদের জন্য আত্মপর্যালোচনা, তওবা-ইস্তিগফার এবং আল্লাহর রহমত প্রাপ্তির আশায় আধ্যাত্মিক পুনর্জাগরণের এক অমূল্য সুযোগ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/02/02/newsid-2477/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ