ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজার ২২৬টি ব্যালট কোনো ভোট না দিয়েই অব্যবহৃত অবস্থায় দেশে ফিরে এসেছে। নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে শুক্রবার (৩০ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইসির তথ্যমতে, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে প্রেরণ করা হয়। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট প্রবাসী ভোটারদের হাতে পৌঁছায়। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৮৭২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
ভোট দেওয়া ব্যালটগুলোর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ডাকযোগে দেশে ফিরে এসেছে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত আরও ৫৫ হাজার ৩৪১টি ব্যালট দেশে পৌঁছেছে। তবে ডাক বিভাগের সরবরাহে ব্যর্থতা বা ঠিকানা জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি ব্যালট ভোটগ্রহণ ছাড়াই ফেরত এসেছে বলে কমিশন নিশ্চিত করেছে।
এদিকে, দেশে ও বিদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/01/31/newsid-2443/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ