বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে রেকর্ড ব্যবধানে জয়লাভ করেছে। চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্বের সুপার সিক্স পর্বে টানা চার জয় নিয়ে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ইতোমধ্যেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিক্সের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝোড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের শক্তিশালী স্কোর গড়ে টাইগ্রেসরা।
জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন, আর সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া ফেরদৌস সমান বলে ২২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নারী দল মারুফা আক্তারের আগুনে বোলিং ও স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত স্পেলের সামনে ধসে পড়ে। প্রথম বলেই মারুফা ফেরান ডার্সি কার্টারকে। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল (আট নম্বরে নেমে), আর মেগান ম্যাককল ২০ রান করেন। বাকিরা উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। ফলে পুরো ২০ ওভার খেলে স্কটল্যান্ড ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রান তুলতে সক্ষম হয়। মারুফা ৩টি এবং স্বর্ণা ২টি উইকেট নেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান (দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে)। এরপরই এই ১৯১ রান দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে একই ১৯১ রান করে ১১৪ রানে জিতেছিল টাইগ্রেসরা। আজ আবার ১৯১ রান করে জয়ের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ (৯০ রান) রেকর্ড গড়ল বাংলাদেশ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/sports/2026/01/30/newsid-2404/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ