কড়াইল বস্তিবাসীদের মর্যাদাসম্পন্ন আবাসনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করে বাসিন্দাদের নামে হস্তান্তর করা হবে যাতে ঢাকা শহরে তাদের মাথা গোঁজার একটা নিরাপদ ঠাঁই হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আশ্বাস দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। অতীতে ক্ষমতায় থাকাকালীন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সাধ্যমতো তা রক্ষা করার চেষ্টা করা হয়েছে।ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, কড়াইলবাসীদের বাসস্থানের কষ্টের সমাধান ধীরে ধীরে করতে চান। এখানে উঁচু উঁচু ভবন তৈরি করে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাসিন্দাদের নাম রেজিস্ট্রি করে সেই ফ্ল্যাটগুলো তাদের নামেই হস্তান্তর করা হবে। দীর্ঘদিন ধরে এখানে বসবাসকারী আদিবাসী বা স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, সন্তানদের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে চান। বিএনপির পরিকল্পনায় স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। কড়াইল এলাকাতেই ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে যাতে এলাকাটি সুন্দর ও সুবিধাসম্পন্ন হয়। নারীদের অর্থনৈতিক সচ্ছলতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু আল্লাহর রহমতের ওপর নির্ভর করে।
ব্যক্তিগতভাবে আবেগ জড়িয়ে তিনি বলেন, কড়াইলবাসী যুগ যুগ ধরে এখানে বসবাস করছেন। তিনি নিজেকে এলাকার সন্তান বলে উল্লেখ করেন। আগে ক্যান্টনমেন্টে থাকতেন, স্বৈরাচারের সময় সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এখন গুলশানে থেকে আরও কাছাকাছি প্রতিবেশী হয়েছেন। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন, কড়াইলবাসীর বিপদে-আপদে পাশে থাকবেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/20/newsid-2278/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ