সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোটগ্রহণের কথা থাকলেও আদালতের এই আদেশে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। নির্বাচন কমিশনের দেওয়া অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল নির্বাচন হচ্ছে না, তবে চার সপ্তাহ পর যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।পরে গণমাধ্যমকে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, “নির্বাচন কমিশন যে অনুমোদন দিয়েছিল, তা চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না।”
এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী এ রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিটে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন (সংগঠন বা সমিতির নির্বাচনসহ) স্থগিত রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় শাকসু নির্বাচন অনুমোদন দেওয়া আইনসম্মত নয়।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন গত ১৫ জানুয়ারি শাবিপ্রবি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি ভোটের অনুমতি দিয়েছিল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/education/2026/01/19/newsid-2211/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২১ পূর্বাহ্ণ