তাসনিয়া ফারিণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অনেক আগেই। এরপর গান গেয়ে এবং নিজের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলে আরও আলোচনায় এসেছেন। কাজের ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় থাকেন। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা।
রোববার (১৮ জানুয়ারি) ফারিণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কৌতূহলী প্রশ্ন ছুড়ে দেন। লিখেছেন, “একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?” পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে ঝড় ওঠে।

হাজার হাজার ভক্ত-অনুরাগী নিজ নিজ জেলার নাম উল্লেখ করে উত্তর দিচ্ছেন—কেউ বলছেন নরসিংদী, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রাম, আবার কেউ বা ময়মনসিংহ। অনেকে মজা করে বলছেন, “আসবো তোমার সিনেমা দেখতে!” বা “ঢাকা না এলেও তোমার নাটক দেখি!” কেউ কেউ আবার ধারণা করছেন, এই প্রশ্নের পেছনে হয়তো কোনো নতুন প্রজেক্টের প্রচারণা বা কোনো বিশেষ কনটেন্টের আইডিয়া লুকিয়ে আছে। তবে ফারিণ এ বিষয়ে এখনো কোনো খোলাসা করেননি।
এদিকে বড় পর্দায় ফারিণের জন্য অপেক্ষা করছে একটা বড় ধামাকা। আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। এতে প্রথমবার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তিন নায়িকার একজন ফারিণ। শুটিং শুরু হয়েছে, এবং শিগগিরই শ্রীলঙ্কায় শুটিংয়ের অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ফারিণ বেশ উচ্ছ্বসিত।
উল্লেখ্য, সর্বশেষ তিনি শরিফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। অভিনয় জীবনের এক দশকে ছোট পর্দা, ওটিটি এবং বড় পর্দায়—সব মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন তাসনিয়া ফারিণ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2026/01/19/newsid-2182/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০২ পূর্বাহ্ণ