মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক। তিনি একই সঙ্গে এসসিইএম প্রকল্পের (অতিরিক্ত দায়িত্ব) প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এই দুঃখজনক ঘটনা ঘটে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে তিনি আরিচা ঘাটে পৌঁছান। কাজিরহাট যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটে পার হওয়ার জন্য যাত্রী ছাউনির নিচে একটি বেঞ্চে বসেন। হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্পিডবোট কাউন্টারের কর্মী আতাউর রহমান তাৎক্ষণিকভাবে তাকে অটোরিকশায় করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর অবস্থা আশঙ্কাজনক দেখে মানিকগঞ্জ সদর হাসপাতাল বা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। দ্রুত অ্যাম্বুলেন্সে করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের এক চিকিৎসক জানান, রোগীকে আনার আগেই তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। প্রয়োজনীয় পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে তিনি মারা গেছেন। প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও জানান, আনার সময় তিনি অচেতন ছিলেন এবং জরুরি চিকিৎসা দিয়ে দ্রুত উচ্চতর কেন্দ্রে পাঠানো হয়।খবর পেয়ে নিহতের ভাতিজা ফেরদৌসসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসেন।
পরে পরিবারের সিদ্ধান্ত অনুসারে লাশ স্পিডবোটে করে তার গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার দিয়ার বামনন্দি গ্রামে নিয়ে যাওয়া হয়। তার বাবা মরহুম ওয়াদুদ মিয়া।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/01/17/newsid-2118/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ