রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ১৩ জনকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয় এবং ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে ভবনের ওই ফ্ল্যাটে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। উদ্ধারকৃত ১৩ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/rajdhani/2026/01/16/newsid-2083/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ