NABO NEWS24
প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশ ক্রিকেটে চলমান সংকট আরও গভীর হয়েছে। ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরেন তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালক পদ শূন্য হয় শুধুমাত্র মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলামূলক শাস্তি, দেউলিয়া অবস্থা বা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিতির কারণে। নাজমুল ইসলামের ক্ষেত্রে এসব কোনোটিই প্রযোজ্য নয়। ফলে বোর্ড তাকে পরিচালক পদ থেকে সরাতে পারবে না যদি না তিনি নিজে থেকে পদত্যাগ করেন।

গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাজমুল। পরে ক্রিকেটারদের অবদান, পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ না নিলে ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়ে তার বক্তব্য ক্রিকেট অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর প্রতিবাদে তার পদত্যাগ দাবি করে।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, কয়েকদিন ধরে একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যেভাবে ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে পুরো ক্রিকেট পরিবারের সম্মানহানি হয়েছে। আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সীমা লঙ্ঘন হলে আমাদের অবস্থান অনড় থাকবে। দ্রুত তার পদত্যাগ চাই।

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে প্রথম ম্যাচসহ দিনের সব খেলা স্থগিত রয়েছে। বৃহস্পতিবার জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়রা মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। বোর্ড ক্রিকেটারদের প্রধান অংশীদার বলে উল্লেখ করে তাদের পেশাদারিত্ব দেখানোর আহ্বান জানিয়েছে।

এদিকে বিসিবি নাজমুলকে শোকজ নোটিশ দিয়েছে এবং তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে। ক্রিকেটাররা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে—পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন চলবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/01/15/newsid-2068/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ