ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করার পর দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এরপর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু হয়েছে এবং ইতোমধ্যে ৫০ কোটি ডলারের তেল বিক্রিও সম্পন্ন হয়েছে। সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।
গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন প্রশাসনের সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার চলবে আদালতে।
অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দেন। তিনি বলেন, প্রথম চালান হিসেবে দেশটি থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে, যেখানে প্রতি ব্যারেল ১৫৯ লিটার। সেই প্রথম চালানের তেল ৫০ কোটি ডলারে বিক্রি হয়েছে।
এদিকে গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন যে ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই অন্তত ১০০ কোটি ডলারের বিনিয়োগ আসবে। এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন যে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করতে হবে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা তার এই প্রত্যাশায় সাড়া দেননি।
মার্কিন তেল কোম্পানি এক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়। এটি বিনিয়োগের অযোগ্য বলে মনে হচ্ছে। কারণ এখানে অনেক আইনগত এবং বাণিজ্যিক কাঠামো তৈরি করতে হবে। তাহলেই আমরা বুঝতে পারব যে বিনিয়োগের রিটার্ন হিসেবে কী পাওয়া যাবে।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, দেশটির খনিগুলোতে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। বিশ্বের মোট তেল মজুতের এক পঞ্চমাংশই এখানে। তবে এত বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ হয়, তার মাত্র দশমিক ৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।
দেশটির অপরিশোধিত তেলের গঠন ভারী এবং ঘন হওয়ায় উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে অন্যান্য তেলের তুলনায় বেশি যত্ন নিতে হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/01/15/newsid-2058/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ