NABO NEWS24
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ

তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান ঘোষণার আলোচনায় বিএনপির জরুরি বৈঠক

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই বৈঠকে তাকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানায়, বৈঠকে তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান ঘোষণার বিষয়টি আলোচনা হতে পারে। গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।”

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পান। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং চেয়ারম্যান পদবি ব্যবহার করা হচ্ছে না। এর ফলে নির্বাচনী প্রচারে ব্যানার-ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে, তা এখনো স্পষ্ট নয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, দলীয় প্রার্থী শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি (পোর্ট্রেট আকারে) ব্যবহার করতে পারবেন। কোনো অনুষ্ঠান বা জনসভায় নেতৃত্বদানের ভঙ্গিমায় ছবি দেখানো যাবে না। দলীয় মিডিয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, একাধিক স্থায়ী কমিটি সদস্য তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে চান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর থেকে তিনি দল পরিচালনা করছেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর চেয়ারম্যান পদ শূন্য হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/09/newsid-1957/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ