বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন। এ সফরে তিনি পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে আসবেন এবং পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।’
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখছেন—এটি জেলা বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’
এদিকে, স্থানীয় নেতা-কর্মীরা প্রত্যাশা করছেন যে, তারেক রহমান কক্সবাজার সফরে ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেবেন এবং তার কবরও জিয়ারত করবেন। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, ‘শহীদ জাগির হোসেনের দুই এতিম সন্তানসহ পরিবারের খোঁজ নেওয়া এবং উখিয়ায় তার কবর জিয়ারত করা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর তিনশ’ ফিট এলাকায় লাখো নেতা-কর্মী তাকে অভ্যর্থনা জানান। দেশে ফেরার পর তার প্রথম সফর হিসেবে আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাবেন তিনি। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে।
শহীদ ওয়াসিম আকরাম ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/06/newsid-1855/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ