এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, গোলামীর রাজনীতি নয়—আজাদির পথে কাজ করবে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
নাসীরুদ্দীন অভিযোগ করেন, প্রশাসন বর্তমানে বিএনপির প্রতি স্পষ্টভাবে ঝুঁকে পড়েছে। শেখ হাসিনার আমলের মতোই সরকারি কর্মকর্তারা আবার অফিস ফেলে তারেক রহমানকে স্বাগত জানাতে ছুটে গিয়েছিলেন। তিনি বলেন, “বর্তমান বাংলাদেশে এ ধরনের আচরণ আর দেখতে চাই না। কেউ যদি গোলামির দিকে ঝুঁকে পড়ে, আমরা তা মেনে নেব না।”
ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, এতদিনেও সরকার খুনিদের শনাক্ত করতে পারেনি। তিনি ঘোষণা করেন, “ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা নতুন করে শুরু করলাম। এগারো দলীয় জোট এখন আজাদির জোট হিসেবে কাজ করবে; আমরা গোলামীর রাজনীতি করব না।”
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে ব্যবহার করে কিছু পক্ষ নির্বাচনী সুবিধা আদায়ের চেষ্টা করছে, যা তার প্রতি অসম্মানজনক এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
প্রচারণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, “প্রচারণায় শুধু আজাদির বার্তাই থাকবে। শাপলা কলির কোনো বিষয় সামনে আনা হবে না।”এ সময় উপস্থিত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন যদি একপাক্ষিক আচরণ করে, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা থাকে না।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “গণতন্ত্র রক্ষার কথা বলতে হলে প্রশাসনের এই নগ্ন পক্ষপাতের বিরুদ্ধেও তাদের কথা বলতে হবে।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/05/newsid-1814/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ