NABO NEWS24
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ণ

‘এক টাকাও দুর্নীতি করব না’: হাসনাত আবদুল্লাহ

লেখক: নব নিউজ ডেক্স

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করব না। হলফনামায় যে সম্পদ দেখিয়েছি, তার বাইরে কোনো সম্পদ রাখব না। কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, সংসদ সদস্যের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা নেব না।’

তিনি আরও বলেন, ‘আমি যে ঘোষণা দিয়েছি, ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব। কিন্তু আমার প্রতিপক্ষদের ঋণ, সম্পদ, হলফনামা দেখুন—তাদের আশপাশে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা ঘিরে থাকে।’

আজ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বেগম জিয়াকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ আখ্যায়িত করে বলেন, ‘অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। তার দেশপ্রেমের দৃষ্টান্ত তিনি নিজেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’

হাসনাত বলেন, ‘যেকোনো মূল্যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন। নির্বাচিত হলে দেবিদ্বারে কোনো চাঁদাবাজি-টেন্ডারবাজি হতে দেব না। দেবিদ্বার হবে শান্তির জনপদ। সবাই আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের দলের কোনো নেতাকর্মী অন্যায়-দুর্নীতিতে জড়ালে কঠোর শাস্তি দেওয়া হবে।’

তিনি শহীদ ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে হাদি ভাইয়ের আদর্শ ছড়িয়ে দিতে হবে। শত শত দেশপ্রেমিক তৈরি করতে হবে। তিনি যে ইনসাফভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করতে হবে।’

জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে ধন্যবাদ জানিয়ে হাসনাত বলেন, ‘তিনি আসন ছেড়ে দিয়ে যে উদারতা দেখিয়েছেন, সে ঋণ কখনো শোধ করতে পারব না। তার সম্মান-মর্যাদা রক্ষা করব এবং তার পরামর্শ নিয়ে এগিয়ে যাব।’

এ সময় তিনি শাপলা কলি প্রতীকে ভোট চান। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির মোহাম্মদ ফেরদৌস আহমেদ প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/01/02/newsid-1737/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ