যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্য নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাঁর স্বাস্থ্য একদম নিখুঁত। তবে এই কথোপকথনে তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা তাঁর বয়স এবং শারীরিক অবস্থা নিয়ে চলমান উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গত অক্টোবরে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে তাঁর একটি সিটি স্ক্যান করা হয়েছিল। আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে এটি ছিল বিস্তারিত এমআরআই স্ক্যান। এখন তিনি স্বীকার করেছেন যে সেটি এমআরআই নয়, বরং সাধারণ সিটি স্ক্যান ছিল। তাঁর চিকিৎসক নেভি ক্যাপ্টেন শন বারবায়েলা জানিয়েছেন, হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই কি না তা নিশ্চিত করতেই এই স্ক্যান করা হয় এবং ফলাফল সম্পূর্ণ স্বাভাবিক।
তবে ট্রাম্প বলেছেন, পিছনে ফিরে দেখলে এই স্ক্যান না করালেই ভালো হতো, কারণ এটি সমালোচকদের হাতে অস্ত্র তুলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৭৯ বছর) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে।
ট্রাম্প আরও প্রকাশ করেছেন যে, ২৫ বছর ধরে তিনি চিকিৎসকদের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন সেবন করছেন। সাধারণত চিকিৎসকেরা ৮১ মিলিগ্রামের ডোজ সুপারিশ করলেও তিনি প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম নেন। এর ফলে তাঁর শরীরে সহজে কালশিটে পড়ে যায়, বিশেষ করে হাতে। এই দাগ ঢাকতে তিনি মেকআপ ব্যবহার করেন, যা লাগাতে মাত্র ১০ সেকেন্ড লাগে বলে জানান।
তিনি বলেছেন, অ্যাসপিরিন রক্ত পাতলা রাখে এবং তিনি চান না হৃদয়ে ঘন রক্ত প্রবাহিত হোক। কুসংস্কারের কারণে এই রুটিন তিনি বদলাতে রাজি নন। শরীরচর্চার প্রসঙ্গে ট্রাম্পের অনীহা স্পষ্ট। গলফ খেলা ছাড়া অন্য কোনো ব্যায়াম তাঁর পছন্দ নয়।
তিনি বলেছেন, ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে দৌড়ানো বা হাঁটাকে তিনি বিরক্তিকর মনে করেন। পায়ে ফোলা রোধে চিকিৎসকেরা কমপ্রেশন মোজা পরার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা পছন্দ করেননি এবং প্রত্যাখ্যান করেছেন। এখন তিনি ডেস্ক থেকে উঠে নিয়মিত হাঁটাচলা করেন।
প্রকাশ্য সভায় ঘুমিয়ে পড়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। চোখ বন্ধ রাখাকে তিনি আরামদায়ক বলে বর্ণনা করেন এবং বলেছেন, ছবি তোলার সময় চোখের পলক ফেলার মুহূর্ত ধরা পড়ে যায়। শ্রবণশক্তির সমস্যার কথাও তিনি নাকচ করেছেন।
স্বাস্থ্য নিয়ে জনমনে আলোচনায় ট্রাম্প বিরক্তি প্রকাশ করেছেন। পত্রিকাটির প্রতিবেদন প্রকাশের প্রস্তুতির সময় তিনি ফোন করে বলেছেন, আবার ২৫তম বারের মতো স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক, আমার স্বাস্থ্য একদম নিখুঁত। তাঁর চিকিৎসকও বিবৃতিতে জানিয়েছেন যে প্রেসিডেন্টের স্বাস্থ্য অসাধারণ এবং তিনি দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/01/02/newsid-1720/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ