জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার এবং পরবর্তীতে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, অসুস্থতার সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের মতো ভারতীয় দুই কূটনীতিকও তাঁকে দেখতে এসেছিলেন এবং তাঁরা এ বিষয়টি প্রচার না করার অনুরোধ করেছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন। পোস্টে তিনি লেখেন:“গতকাল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তাদের একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেন—ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয় কি না।
আমি উত্তরে বলি, গত বছরের মাঝামাঝি আমি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর দেশি-বিদেশি অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে বাড়িতে এসেছিলেন। তাঁদের সঙ্গেও সাধারণ কথাবার্তা হয়েছে।
আমরা তাঁদের জানাই যে, অন্য কূটনীতিকদের সাক্ষাৎ আমরা প্রচার করেছি এবং তাঁদের এই সাক্ষাৎও প্রচার করতে চাই। কিন্তু তাঁরা এটি প্রচার না করার জন্য অনুরোধ করেন। আমরা বলি, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রচার করা হবে। এখানে কোনো গোপনীয়তা নেই।
কিছু দেশীয় মিডিয়া ‘ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ বলে যে সংবাদ প্রকাশ করেছে, তাতে আমি বিস্মিত। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/01/01/newsid-1698/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ