বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোকবার্তা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মোদি তার পোস্টে লেখেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করুন।”
তিনি আরও লেখেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”
২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে উষ্ণ সাক্ষাৎের কথা স্মরণ করে মোদি বলেন, “আমি ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে নির্দেশনা দেবে। তার আত্মার শান্তি কামনা করি।”
উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2025/12/30/newsid-1647/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ