বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা সমঝোতায় গেলে দলকে কঠিন মূল্য চুকাতে হবে।
রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ মন্তব্য করেন তিনি।
সামান্তা শারমিন পোস্টে লেখেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছেন যে, জুলাইয়ের স্পিরিট এবং বাংলাদেশ নিয়ে পরিকল্পনায় একমত হলে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারে। কিন্তু এনসিপির মূলনীতি, রাষ্ট্রকল্প এবং অবস্থান জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে উঠেছে এনসিপি। ফলে এই তিন বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।
তিনি আরও উল্লেখ করেন, তার বর্তমান অবস্থান দলের গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জামায়াত নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করেছিল। এ কারণে এনসিপির আহ্বায়ক বলেছিলেন, যারা সংস্কারের পক্ষে নন তাদের সঙ্গে জোট সম্ভব নয়। ফলে জুলাই পদযাত্রার পর ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
শেষে সামান্তা শারমিন লেখেন, জামায়াতের সঙ্গে জোটের সমস্যাগুলো তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রকাশিত অবস্থানই সঠিক বলে মনে করেন তিনি এবং নিজেকে এই আদর্শের সৈনিক হিসেবে দেখেন। বিএনপি বা জামায়াত যেকোনো পক্ষের সঙ্গে জোট করা এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নীতি থেকে সরে যাওয়ার শামিল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/uncategorized/2025/12/28/newsid-1586/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ