বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই নিয়োগ কার্যকর হয়েছে। বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেছেন।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বিচারক। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি নিয়োগ পান। ২০২৪ সালের ১২ আগস্ট তাঁকে আপিল বিভাগে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর দায়িত্বকাল প্রায় আড়াই বছর হবে।এই নিয়োগের মাধ্যমে বিচার বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হলো।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2025/12/28/newsid-1579/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ