জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, নির্বাচনে দাঁড়ানোর ঘোষণার পর থেকেই তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন
মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টে হিরো আলম জানান, বর্তমান পরিস্থিতিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। তিনি শিগগিরই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে আবেদন করবেন।
হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাব।’
কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে চারটি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি। তিনি বলেন, দল যেটিই হোক, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা।
তিনি জানান, ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়বেন বলে প্রস্তুত হচ্ছেন হিরো আলম। হিরো আলম সংশ্লিষ্ট প্রশাসনের কাছেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2025/12/23/newsid-1429/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ